নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন-ঈদে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া আদায় করা হবে না বলে লঞ্চ মালিকরা প্রতিশ্রুতি দিয়েছেন।
রোববার দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী।
নৌপরিবহনমন্ত্রী বলেন, 'বৈঠকে লঞ্চের নিরাপত্তার দিক নিয়ে আলোচনা হয়েছে। কোনো লঞ্চই যাতে অতিরিক্ত যাত্রী বহন না করে সেজন্যে লঞ্চঘাটে ম্যাজিস্ট্রেট থাকবেন। কোনো লঞ্চই যাতে লোডলেভেল ক্রস না করে সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে। এতে দুর্ঘটনা কমে আসবে। এছাড়া লঞ্চের যাত্রীবহন ক্ষমতা কত তা লঞ্চের সামনে লেখা থাকবে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চে লাইফ জ্যাকেট থাকবে।’
তিনি বলেন, ‘অদক্ষ শ্রমিক যাতে কোনো নৌযান বা লঞ্চ না চালান সেটি নিশ্চিত করার জন্য শ্রমিক নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। ঈদের সময়টাতে নৌপথে কোনো জাল যেন না ফেলা থাকে সে বিষয়টিও নিশ্চিত করা হবে।’
তিনি আরও বলেন, ‘স্পিডবোটে যাত্রীদের জন্য লাইফজ্যাকেট নিশ্চিত করতে মালিকদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া চলন্ত লঞ্চ থেকে স্পিডবোটে যাত্রী তোলা নিষেধ করা হয়েছে।’
শাজাহান খান বলেন, ‘ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন ফেরিতে জরুরী পণ্যবাহী ছাড়া ট্রাক পারাপার বন্ধ থাকবে। ঈদের আগেই কাওড়াকান্দি, পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটে প্রবেশ করতে যাত্রীদের কোনো ফি দিতে হবে না। ঈদের পরও এ নির্দেশনা বলবৎ থাকবে। এ ছাড়া ঈদের আগে সদরঘাট সংলগ্ন রাস্তায় হকারদের বসার ওপরও নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে।’
ঢাকা. ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





