পঞ্চগড়ের বোদা উপজেলায় মুক্তি রানী (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী অনুকুল চন্দ্র রায়কে (২৯) আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি বনগ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ছাড়া বোদা থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মজনুর রহমান স্ত্রী হত্যার দায়ে স্বামী অনুকুল চন্দ্র রায়কে আটক করেছেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে পাঠানো হয়েছে। মুক্তি রানীর অভিভাবকরা থানায় এলে মামলা নেয়া হবে বলে তিনি জানান।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর আগে উপজেলার কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের গেদেরকুড়ি বনগ্রাম এলাকার নরেন্দ্র চন্দ্র রায়ের ছেলে অনুকুল চন্দ্র রায়ের সঙ্গে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চোরপাড়া গ্রামের গয়নাথ চন্দ্র রায় গইসুর মেয়ে মুক্তি রানীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হয়ে আসছিল। সন্ধ্যায় উভয়ের মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে অনুকুল লাঠি দিয়ে মুক্তি রানীকে বেধড়ক মারপিট করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর খবর পেয়ে কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউপি চেয়ারম্যান ফজলার রহমান ঘটনাস্থলে গিয়ে মুক্তি রানীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। পরে বোদা থানায় খবর দেয়া হলে থানার উপ-পরিদর্শক (এসআই) মৃগেন চন্দ্র রায় ঘটনাস্থল থেকে মুক্তি রানীর মৃতদেহ উদ্ধার করেন।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





