রাঙ্গামাটি জেলায় গত কয়েকদিনের টানা ভারী বৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। ফলে শহরের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের দ্রুত নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

শুক্রবার রাত ১২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের টিম, রেড ক্রিসেন্ট, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করে সেখান থেকে সাধারণ মানুষদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে নির্দেশনা প্রদান করেন এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বেশ কিছু লোকজন আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাসসকে বলেন, গত কয়েকদিন ধরে ভারী বর্ষণের ফলে সম্ভাব্য সমস্যা ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা ইতোমধ্যে জরুরি সভা করেছি এবং রাঙ্গামাটি শহরসহ বিভিন্ন উপজেলায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে চলে যেতে সচেতনতামূলক প্রচারণা ও মাইকিং করা হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সবার সাথে সমন্বয় করে টিম গঠন করে দেয়া হয়েছে এবং বৃষ্টি হলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট এলাকায় সফর করা হচ্ছে।

ভারী বর্ষণের কারণে শুক্রবার রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত রাঙ্গামাটি শহরের লোকনাথ মন্দির, শিমুলতলি, রূপনগর, মোনঘর এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

জেলা প্রশাসক আরো জানান, প্রাথমিকভাবে রাঙ্গামাটি শহরে ২৮টি ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলার অন্যান্য উপজেলাগুলোতেও উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

সূত্র : বাসস

এমআর