ডিবি পুলিশ পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে আপহরণ করে পালানোর সময় স্থানীয়রা ৫ অপহরণকারীকে আটক করেছে। এ সময় তারা অপহরণকারীদের মাক্রোবাসটি পুড়িয়ে দেয়।

মঙ্গলবার সন্ধ্যায় ধামরাইয়ের কাওয়ালিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের বাস্তা গ্রামের মোশারফ হোসেনের ছেলে স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর সন্ধ্যায় কাওয়ালিপাড়া বাজারে নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সিএনজি অটোরিকশাযোগে নিজ বাড়িতে রওনা হন।

অটোরিকশাটি কাওয়ালিপাড়া-বালিয়া সড়কের দুনীগ্রাম চৌরাস্তায় গেলে ৮/৯ জনের একদল অপহরণকারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিয়ে অটোরিকশার যাত্রী স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের হাত-পা বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এসময় মুঠো ফোনে খবর পেয়ে কাওয়ালিপাড়া বাজারের লোকজন ওই মাইক্রোবাসটি ব্যারিকেড দিয়ে আটক করে।

এক পর্যায় ৩-৪ জন অপহরণকারী পালিয়ে গেলেও স্থানীয় জনতা ৫ জনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এবং অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে।

এসময় অপহরণকারীদের মাইক্রোবাসটিও পুড়িয়ে দেয় জনতা।

এ ব্যাপারে ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ জানান, পালিয়ে যাওয়া অন্য অপহরণকারীদের ধরার চেষ্টা চলছে।

জেএ