নড়াইলের ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ের প্রায় তিন মাস পরও প্রতিবেদন জমা দেয়নি।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আনিছুর রহমান। টাইম নিউজের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোর্টে গত আগস্টে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবরে লিখিত অভিযোগ করেন।

আনিছুর রহমান বলেন, ‘কয়েক বছর ধরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা কারচুপি করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে বেশ কয়েকবার সতর্কও করা হয়েছে। কর্ণপাত না করায় বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছি।’

এ ঘটনায় ১৮ আগস্ট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। এই হিসাবে ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময় পার হওয়ার পর কমিটি গত ৫ অক্টোবর সরেজমিন তদন্ত করে। এখনো প্রতিবেদন জমা দেয়নি কমিটি। এ সম্পর্কে শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কিছু অভিযোগের প্রমাণ মিলেছে। প্রাথমিক সমাপনী পরীক্ষার কারণে তদন্ত প্রতিবেদন জেলা শিক্ষা কার্যালয়ে জমা দেওয়া হয়নি।

২৭ নভেম্বর পরীক্ষা শেষ হলে প্রতিবেদন জমা দেওয়া হবে। এই অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, অযথা হয়রানি করার উদ্দেশ্যেই অভিযোগ আনা হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের ব্যাপারে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী বলেন, প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটিকে দুবার তাগাদাপত্র দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সেই অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

উজ্জল/জেড