সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ফরেস্ট ক্যাম্পের পঁচাকোড়ালিয়া ও নাপিতখালী বিলের আব্দুল্লাহনছিলা এলাকায় লাগা আগুন বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ।

এদিকে সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সুন্দরবন বিভাগ। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) বেলায়েত হোসেনকে প্রধান করে জেলা ও পুলিশ প্রশাসন দু`জন প্রতিনিধিসহ তিন সদস্যের এই তদন্ত কমিটি বুধবার ঘোষণা করা হয়।

সুন্দরবনে আগুন লাগার ঘটনা তদন্তে বুধবার রাতে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এই কমিটি গঠন করেন। ওই কমিটিকে আগামী ১৪ কর্ম দিবসের মধ্যে আগুন লাগার কারণ ও আগুনে বনজ সম্পদের কি পরিমাণ ক্ষতি হয়েছে ও কত ভূমি পুড়েছে তা চূড়ান্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সুন্দরবনসহ উপকূলের অপরাধ জগতের হাল নাগাদ খোঁজখবর রাখেন এমন একাধিক সূত্র বলছে, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেক সময় এক শ্রেণির অসাধু বন কর্মকর্তাদের ম্যানেজ করে শাসক দলের প্রভাবশালীরা সুন্দরবনের খাল-বিল কথিত ইজারার মাধ্যমে মাছ চাষ করতে সহজ রাস্তা তৈরি করতে পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার রাতের আব্দুল্লারছিলায় বনে আগুনের ঘটনাটি তারই অংশ।

এম আর