চন্দনবাইশা শেখ পাড়ায় এক শিশু পানিতে ভেসে গেছে। বগুড়া জেলার সারিয়াকান্দিতে যমুনার পানির চাপে চন্দনবাইশা বন্যা নিয়ন্ত্রণ মূলবাঁধের ৭০ মিটার মধ্যরাতে ভেঙে এ ঘটনা ঘটে।

বগুড়া- ১ আসনের স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ঘটনা স্থল থেকে মোবাইলে বলেন, অতি দ্রুত বানভাসি মানুষদের উদ্ধার করা হচ্ছে। বন্যাদুর্গতদের পুনর্বাসন এবং জরুরি সাহায্য দেওয়া হবে। পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা বানভাসিদের উদ্ধারে কাজ করছেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, বাঁধ ভেঙে যাওয়ায় নতুন প্লাবিত এলাকার মানুষের দূভোর্গ চরম আকার ধারন করেছে। এতো বেগে পানি প্রবেশ করছে, তাতে উদ্ধার কাজ স্বাভাবিক ভাবে করা সম্ভব হচ্ছে না। তবে, রাত থেকেই এ এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরও জানান, চন্দনবাইশা শেখ পাড়ার লোকজন জানিয়েছে, সেখানকার একটি শিশু বানের পানিতে ভেসে গেছে। এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি। মৃতদেহও উদ্ধার করা সম্ভব হয়নি। নতুন প্লাবিত এলাকায় কী পরিমান ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আর এসব এলাকায় সকাল সাড়ে ১০টায় সেনাবাহিনীর কয়েকজন সদস্য এসে পরিদর্শন ও ছবি তুলেছেন।

ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ