সুনামগঞ্জের তাহিরপুর থেকে নৌবহরে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ ও জল-জোছনা উৎসব শেষে পর্যটকদের নৌবহর যাদুকাটা নদীতে এসে থেমেছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রওনা হয়ে নৌবহরটি বেলা সাড়ে ১১টার পর যাদুকাটা নদীতে এসে থামে।

বহরের শতাধিক নৌকায় থাকা পর্যটকরা যাদুকাটা নদীর সৌন্দর্য ছাড়াও দিনব্যাপী মেঘালয় পাহাড়, বারেক টিলা, চুনাপাথর খনি প্রকল্প টেকেরঘাট, নীলাদ্রি লেক, লাউড়ের গড়, কড়ইগড়া আদিবাসী পল্লী ও তাদের সংস্কৃতি উপভোগ করবেন।

বিকেলে বারেক টিলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এতে স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেবেন।

যাদুকাটা নদী ও বারেক টিলা ভারত সীমান্তবর্তী হওয়ায় পর্যটকদের নিরাপত্তায় সেখানে বিজিবির বিশেষ টহল থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাট‍ালিয়নের সিও লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ।

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে কেন্দ্র করে পর্যটন অবকাঠামো গড়ে তোলার লক্ষে শতাধিক নৌকা নিয়ে তাহিরপুর থেকে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে হাওরের উদ্দেশে দুইদিনের নৌ ভ্রমণ শুরু হয়।

পরে বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সন্ধ্যার পর টাঙ্গুয়ার হাওরে শুরু হয় জল-জোছনা উৎসব। শনিবার উৎসবের দ্বিতীয় দিনে যাদুকাটা নদী ভ্রমণ ও আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এ উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

এমএনজে