খাগড়াছড়ি জেলা শহরের আবাসিক হোটেল ‘ইকোছড়ি ইন’-এর একটি কক্ষে বৃহস্পতিবার রাতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনকালে আট যুবককে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ও হেরোইন সেবনের সরমাঞ্জাম ও গাঁজা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, রাত পৌনে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর রুবাইয়াত জামিল, এস আই পিযুষ সিংহ ও এ এস আই মো. হানিফ মিয়ার নেতৃত্বে সেনা ও পুলিশ হোটেল ইকোছড়ি ইনে অভিযান চালায়। অভিযান চলে রাত ৯টা পর্যন্ত।
অভিযানকালে হোটেলের ১০১ নং কক্ষ থেকে মিজানুর রহমান (২৪), নুর হোসেন (২০), মো. জয়নাল আবেদীন (২৬), মো. আব্দুল্লাহ (২৯), মার্শাল (২৭), মোজাম্মেল হোসেন (৩০), মো. হোসেন ও মো. শাহিনকে আটক করা হয়।
ওসি আরো জানান, এরা সকলে চিহিৃত চোর ও বিভিন্ন মামলার আসামি। আটকের সময় এরা ওই হোটেলের কক্ষে বসে মাদক সেবন করছিল এবং চুরির প্রস্তুতি নিচ্ছিল।
হোটেল ইকোছড়ি ইনের ম্যানেজার ভজন ত্রিপুরা জানান, গত ২৪ নভেম্বর মো. মিজানুর রহমানের নেতৃত্বে তারা ওই হোটেল কক্ষে অবস্থান করছিলেন। প্রতিদিন অসংখ্য যুবক ওই রুমে আসা-যাওয়া করতেন। তবে হোটেলে রেকর্ডে কারো নাম লিপিবদ্ধ ছিল না।
এসআই পিযুষ সিংহ জানান, মিজানুর রহমানের বাড়ি হোটেল ইকোছড়ি ইন থেকে মাত্র ৫শ গজ দুরে। তিনি হোটেলের কক্ষটি জোরপূর্বক দখলে রেখে মাদক সেবন ও বিক্রি করছিলেন।
এএসআই হানিফ মিয়া জানান, হোটেলের ওই কক্ষ থেকে ইয়াবা ও হেরোইন সেবনের সরমঞ্জাম, বেশ কিছু গাঁজা ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ইআর





