পঞ্চগড়ে গত দু'দিন ধরে অনবরত বৃষ্টিতে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। রাত দিন একটানা বৃষ্টির ফলে জেলার বিভিন্ন এলাকার নিম্নএলাকা প্লাবিত হয়েছে। অনেক এলাকার ধানক্ষেতসহ অন্যান্য ফসলের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।

একদিকে হরতাল অন্যদিকে দিনভর বৃষ্টির কারণে শহর ও এর আশপাশের এলাকা জনশূন্য হয়ে পড়েছে। হাট-বাজারগুলোতেও লোকজনের চলাচল কম। স্কুল-কলেজ ও অফিস আদালতেও উপস্থিতি কমে গেছে।

শ্রমিকরা কাজে যেতে পারছে না। ফলে অনেককেই বাড়িতে বসে অলস সময় কাটাতে হচ্ছে। জরুরী কাজ ছাড়া কেউই ঘর থেকে বের হতে পারছে না।

পঞ্চগড় সদর উপজেলার গলেহা এলাকার কৃষক আছিরুল ইসলাম ও পঞ্চগড় ইউনিয়নের হিলিপোর্ট এলাকার কৃষক আয়ুব আলী জানান, দু'দিনের একটানা বৃষ্টির ফলে আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। দ্রুত পানি সরে না গেলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহিরউদ্দিন কিছু কিছু এলাকার ক্ষেত পানিতে তলিয়ে গেছে স্বীকার করে জানান, এই বৃষ্টির ফলে ক্ষেতে পোকামাকড় ধরতে পারবে না। তবে বৃষ্টি একটানা কয়েকদিন থাকলে আমন ক্ষেত ক্ষতিগ্রস্থ হবে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর