গাজীপুরের কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২’র এক কয়েদি বৃহস্পতিবার দুপুরে মারা গেছেন। সোহেল (৩২) ঢাকার নবাবগঞ্জ থানার এক মাদক মামলার ছয় মাসের বিনাশ্রম দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
কারাগারের ডেপুটি জেলার মো. আবুল হোসেন জানান, সোহেল বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দুপুর আড়াইটার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই কারা কর্মকর্তা আরো জানান, নবাবগঞ্জ থানার আগলাখাঁরহাট এলাকার মুনসুর আলীর ছেলে সোহেলকে মাদকসহ আটকের পর তাকে ভ্রাম্যমাণ আদালত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে এ বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
কেএইচ





