কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত সৈয়দ আলী (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৈয়দ আলী উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বাসিন্দা।

করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শহর আলী জানান, গত ২৩ মার্চ রাতে জমির সীমানা নিয়ে সৈয়দ আলী এবং আলফাতুল দু'গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

একপর্যায়ে আলফাতুলের লোকজন সৈয়দ আলীর বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে।

স্থানীয় লোকজন সৈয়দ আলীকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে সৈয়দ আলীর মৃত্যু হয়।

ওএফ