চট্টগ্রামের সীতাকুণ্ডে কথিত বন্দুকযুদ্ধে র্যাবের গুলিতে ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে জানান র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান।
নিহত মো. রানা (২০) পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের ছেলে। আচার খাওয়ানোর কথা বলে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি রানার বিরুদ্ধে মামলা হয়। এর পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব কর্মকর্তা মেহেদী হাসান বলেন, রানার অবস্থানের খবর পেয়ে ভোরে আমিরাবাদ এলাকায় অভিযানে যায় তাদের একটি দল।
“র্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। র্যাবও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে রানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।” গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহদী হাসান বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।





