বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক স্কুল ছাত্রীকে দু'দিন আটকে রেখে চার বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে স্থানীয়দের সহায়তায় কুমিল্লার মুরাদনগর থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ধর্ষিতা নিজে বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুস্তম।
এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে রুস্তম ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে। পরে রুস্তম এবং একই গ্রামের তার বন্ধু খাইরুল, রুবেল, নাইম তাকে পীর কাশিমপুর গ্রামে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে দু'দিন ধরে তাকে ধর্ষণ করে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্করকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ নিয়ে ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে ঘটনাস্থল থেকে ধর্ষকরা পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল ভট্ট জানান, ধর্ষিতা স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
এআর





