দেশে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধের অংশ হিসেবে গতকাল রাতে ৩ জেলায় ৪ জন নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ঝিনাইদহে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ জন এবং গাইবান্ধা ও ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছে।

ঝিনাইদহ: ঝিনাইদহে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাজ্জাদুল ইসলাম ও আবদুর রাজ্জাক নামে দুজন নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। সাজ্জাদুল ইসলামের বাড়ি জেলা শহরের বাঘাযতিন সড়কে ও উদয়পুর গ্রামের আবদুর রাজ্জাক। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে শহরের পবহাটী গ্রামে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিউটি অফিসার এএসআই মো. লিটন হোসেন জানান, টহল চলাকালে মোটরসাইকেলে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল দিয়ে গেলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে। এ সময় মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে আহত হন মাদক ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।

রাতেই দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিচ ইয়াবা ট্যাবলেট এবং দুই রাউন্ড গুলিসহ দুইটি শুটারগান। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুইজন সদস্য। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

গাইবান্ধা: এদিকে গাইবান্ধায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গ্রেফতারকৃত আসামি শামসুল মিয়া (৩৮) নামে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাতে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে।

শামসুল আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক মামলার আসামি ছিলেন। তার বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া গ্রামে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ারের ভাষ্য, পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল শনিবার দুপুরে ছামছুলকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধার ও অন্য সঙ্গীদের ধরতে পুলিশ আজ ভোররাতে অভিযানে যায়। এ সময় ছামছুলকে ছিনিয়ে নিতে তাঁর সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ছামছুল গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জের আঠারবাড়িতে শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পুলিশের সঙ্গে ‌‌'বন্দুকযুদ্ধে' ফারুক মিয়া (৩১) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশের দাবি নিহত ফারুক মাদক ব্যবসায়ী। তিনি ঈশ্বরগঞ্জের আঠারবাড়ি তেলুয়ারি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। ওসি আহমেদ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেড