অর্থ মন্ত্রণালয়ের পে-স্কেল প্রণয়ন ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর রেজল্যুশনটি বিজি প্রেসে পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সেটি আবার অর্থ মন্ত্রণালয়ে আসে। এরপর খসড়া প্রজ্ঞাপনটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তার ভাষ্য, পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারের পক্ষ থেকে অযথা বিলম্বের সুযোগ নেই। প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

এর আগে মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই নতুন পে-স্কেল সংক্রান্ত আদেশ জারি হতে পারে। তবে ভেটিংসহ কয়েকটি আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় গেজেট প্রকাশে কিছুটা সময় লাগছে।

কম গ্রেডে বেতন বাড়বে বেশি

নতুন বেতন কাঠামোয় নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখা হয়েছে। বর্তমানে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা। নতুন কাঠামোয় এ গ্রেডের বেসিক নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা।

অন্যদিকে প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকার মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

তবে নতুন বেসিকের পুরো বর্ধিত অংশ একসঙ্গে কার্যকর হবে না। ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাড়তি অর্থ মূল বেতনের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বর্ধিত বেতনের ৫০ শতাংশ প্রথম ধাপে, ২৫ শতাংশ দ্বিতীয় ধাপে এবং অবশিষ্ট ২৫ শতাংশ তৃতীয় ধাপে কার্যকর হবে।

অন্যদিকে প্রথম থেকে নবম গ্রেডের জন্য বাড়তি অংশ ৪০, ৩০ ও ৩০ শতাংশ হারে তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

২০তম ও প্রথম গ্রেডে কত হবে বেতন

২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেসিক বেড়ে ২০ হাজার টাকা হলে তিন ধাপে তা দাঁড়াবে যথাক্রমে ১৪ হাজার ১২৫ টাকা, ১৭ হাজার ৬২ টাকা ৫০ পয়সা এবং ২০ হাজার টাকা।

প্রথম গ্রেডে ৭৮ হাজার টাকা থেকে বেসিক বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হবে। তিন ধাপে এই বেতন দাঁড়াবে ১ লাখ ৯ হাজার ২০০ টাকা, ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা এবং সর্বশেষ ১ লাখ ৫৬ হাজার টাকা।

এ ছাড়া নবম গ্রেডে বর্তমান ২২ হাজার টাকার মূল বেতন দ্বিগুণ হয়ে ৪৪ হাজার টাকা হবে। তিন ধাপে এ গ্রেডের বেসিক হবে যথাক্রমে ৩০ হাজার ৮০০ টাকা, ৩৭ হাজার ৪০০ টাকা এবং ৪৪ হাজার টাকা।

ভাতা মিলবে পরে

নতুন পে-স্কেলে বর্ধিত মূল বেতন কার্যকর হলেও সব ধরনের ভাতা একই সময়ে বাড়বে না। বাড়িভাড়া, চিকিৎসা, শিক্ষা ও যাতায়াতসহ বিভিন্ন ভাতা নতুন কাঠামো অনুযায়ী ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

ফলে প্রজ্ঞাপন জারি হলে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো কার্যকরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এস