নড়াইলে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান ফাউন্ডেশন ও সুলতান মেলা উদযাপন পর্ষদের আয়োজনে নড়াইল ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রশিল্পী এসএম সুলতান মঞ্চে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্রপ্রদর্শনী, কাবাডি, ভলিবল, হ্যান্ডবল প্রতিযোগিতা, ঘোড়ার গাড়ির দৌড়, কুস্তি, ষাড়ের লড়াই, লাঠিখেলা, দড়ি টানাটানি, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, নাটক, জারিগান, কবিগান, সেমিনার ইত্যাদি। নড়াইলের সুলতান মঞ্চে সপ্তাহব্যাপী এ সুলতান মেলায় নড়াইলের ৩৪টি সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, এবার সুলতান পদক পাচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রবীণ চিত্রশিল্পী কালিদাস কর্মকার। মেলা স্পন্সর করছে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং গ্রামীণ ক্রীড়া উৎসবে স্পন্সর করবে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড (কিউট)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন শিকদার মেলার সমাপনী দিন ২৮ জানুয়ারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুলতান পদক প্রদান করবেন।
শিল্পী সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে ১৯৯২ সাল থেকে সুলতান মেলা উদযাপিত হয়ে আসছে। ১০ আগস্ট শিল্পীর জন্মবার্ষিকী উপলক্ষে এ উৎসব পালিত হয়ে এলেও বর্ষার কারণে ২০০৩ সাল থেকে মেলার দিনক্ষণ পিছিয়ে যায়।
জেআই





