চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা নামক গ্রামের একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সিআইডি।
গোপন সংবাদের ভিত্তিতে খুনের মামলায় গ্রেফতারকৃত এক আসামির বাড়ি থেকে সোমবার গভীর রাতে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি টু টু বোর রাইফেল, তিনটি এলজি, বিপুল পরিমাণ গোলাবারুদ এবং একটি ধারালো কিরিচ।
সিআইডির ইন্সপেক্টর ওবায়দুল হক জানান, একটি হত্যা মামলার আসামি হিসেবে গত রোববার মাহমুদুল হক নামের এক আসামিকে গ্রেফতার করা হয়। পরে এই আসামিকে জিজ্ঞাসাবাদ করলে তার বাড়ির পুকুর পাড়ে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ থাকার সত্যতা স্বীকার করে।
সেই সূত্রে সোমবার গভীর রাতে ওই আসামির বাড়ি ও পুকুর পাড়ে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আসামি মাহমুদুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমকে





