দেশের সব জেলা হাসপাতালে আইসিইউ ইউনিট (নিবিড় পরিচর্যা ইউনিট) স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (০২ জুন) বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) এক বৈঠকের পর প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। তার সভাপতিত্বে একনেক-এর এই বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, “বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক জেলা সদর হাসপাতালে অবশ্যই একটা করে আইসিইউ ইউনিট স্থাপন করার নির্দেশ দিয়েছেন। ‘প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকটা হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপন, প্রত্যেকটি হাসপাতালে যেন ভেনটিলেটর স্থাপন, যথেষ্ট পরিমাণ উচ্চমাত্রার পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ ব্যবস্থা যেন আরও বৃদ্ধি করা হয়’। এ জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার নির্দেশও প্রধানমন্ত্রী দিয়েছেন।”

গত ৬ বছর আগে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রতিটি জেলা হাসপাতালে আইসিইউ স্থাপন হচ্ছে বলে সংসদকে জানিয়েছিলেন। তবে পরে দৃশ্যমাণ কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না।

বর্তমানে সাবেক ওই স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একটি বেসরকারি স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমবি