লিবিয়ার বেনগাজিতে মিসাইল হামলায় নিহত শরীয়তপুরের দুই সহোদর মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপনের লাশ দেশে আসছে শুক্রবার।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) জাহিদ আনোয়ার। শুক্রবার ভোর ৪টা ৫০ মিনিটে তাদের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। মিলন ও স্বপনের লাশ গ্রহণ করবেন তাদের বাবা আব্দুল কুদ্দুস ছৈয়াল।

২১ জুন লিবিয়ার স্থানীয় সময় রাত সোয়া ১০টায় বেনগাজি শহরের সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে মিসাইল হামলায় শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ছৈয়ালের ওই দুই ছেলে মারা যান। রাতে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ক্যাম্পের দেয়ালে একটি মিসাইল আঘাত হানলে মারা যান তারা। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সেখানকার ৩২ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেয়।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে বেনগাজিতে গুলিবিদ্ধ হয়ে অন্য তিন বাংলাদেশি মারা যান।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই