নড়াইলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক কথিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।   

শুক্রবার (০৭ জুলাই) রাত ৩টার দিকে নড়াইল শহরতলীর লস্কারপুর চাঁদমারি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, লস্কারপুর চাঁদমারি এলাকায় একদল ‘মাদক ব্যবসায়ী’ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে।পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে সেখানে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নড়াইল সদর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় জানা যায়নি। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে পাইপ গান, গুলি ও কিছু মাদক উদ্ধার করা হয়েছে।

এমবি