নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচর গ্রামে গ্যাসের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।
আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তিনজন হলেন রায়হান উদ্দিন (৩২), তাঁর স্ত্রী মায়া বেগম (২৫) ও তাঁদের সন্তান মরিয়ম ওরফে পাখি (২)। তাঁদের শরীর ঝলসে গেছে।
প্রতিবেশীরা জানান, সকালে রান্নাঘরে কাজ করতে যান মায়া বেগম। তখন বাসায় রান্নাঘরসংলগ্ন একটি কক্ষে ঘুমিয়েছিলেন রায়হান ও তার শিশুসন্তান পাখি।
মায়া বেগম গ্যাসের চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুন রান্নাঘর ও পাশের কক্ষে ছড়িয়ে পড়ে। এতে তিনজন দগ্ধ হন।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বন্দর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাসিরউদ্দিন জানান, আপাতত গ্যাস থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।
এমবি





