আজ ও আগামীকাল ব্রাক্ষণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। ভারতো উত্তর-পূর্বাঞ্চলে ত্রিপুরা বিধানসভার নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে আজ শনিবার ও আগামীকাল রোববার সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।
অ্যাসোসিয়েশনের নেতা আরো জানান, আগামীকাল রোববার ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ জন্য সেখানকার ব্যবসায়ীরা আজ ও আগামীকাল পণ্য আমদানি বন্ধ রাখার কথা আমাদের জানায়। ফলে এই দুদিন বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হবে। তবে সোমবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে।
এদিকে, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধশতাধিক পণ্য রপ্তানি করা হয়।
জেড





