চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ওষুধের অভাব ও হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিকুল ইসলাম জানান, সদর হাসপাতালে শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রায় ৭০ জন চিকিৎসা নিয়েছেন। শনিবার দুপুর পর্যন্ত ৩৮ জন ভর্তি আছেন। হঠাৎ করে অতিরিক্ত রোগী ভর্তি হওয়ায় তাদের অধিকাংশেরই জায়গা হয়েছে বারান্দায়। কোনো কোনো পরিবারের সব সদস্য ভর্তি হয়েছেন বলে জানা গেছে।
জেলা সদরের জোড়গাছি এলাকার মর্জিনা তার তিন ছেলেসহ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তারা ডায়রিয়া ওয়ার্ডের প্রবেশপথের বারান্দায় থাকছেন। মর্জিনা জানান, সকালে ৯৫০ টাকার ওষুধ বাইরে থেকে কিনে এনেছেন।
পৌরসভার মসজিদ পাড়া এলাকার মাহিন হোসেন জানান, শুক্রবার সকালে তিনি ভর্তি হয়েছেন। সিট না পেয়ে হাসপাতালের বারান্দায় ঠাঁই হয়েছে। একই সমস্যা নিয়ে ভর্তি হওয়া একই এলাকার নূর হোসেন বলেন, ‘এত লোককে সিট দিতে পারবে না এটা আমরা জানি। কিন্তু হাসপাতাল থেকে ওষুধ-পথ্যও কিছু দিচ্ছে না। আমরা গরীব মানুষ। যদি হাসপাতালের কোনো ওষুধ না পাই তাহলে এখানে ভর্তি হয়ে কী লাভ।’
তবে অভিযোগ অস্বীকার করে ডা. শফিকুল ইসলাম বলেন, ‘বিছানা কম থাকায় রোগীদের বারান্দায় থাকছে হচ্ছে। তবে ওষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে ঠিকমতোই।’
হঠাৎ রোগীর সংখ্যা বাড়ায় অতিরিক্ত নার্স ও ডাক্তার দেওয়া হয়েছে কিনা— জানতে চাইলে তিনি বলেন, ‘অতিরিক্ত কাউকে দেওয়া হয়নি। তবে আমাদের যে ডাক্তার ও নার্স আছেন, তারা খুবই অভিজ্ঞ। কোনো সমস্যা হচ্ছে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্স বলেন, ‘আমরা মাত্র পাঁচজন এখানে দায়িত্ব পালন করেছি। দুই দিন ধরে যত রোগী আসছে তাতে আরও নার্স প্রয়োজন। না হলে সবাইকে সেবা দেওয়া কঠিন।’
হঠাৎ ডায়রিয়ার প্রকোপ সম্পর্কে ডা. শফিকুল ইসলাম জানান, দূষিত পানি থেকেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জেআই





