কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নব্য জেএমবি;র সদস্য আরমান আলী (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।
নিহত জঙ্গি আরমান পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলার ঠাকুর দৌলতপুর গ্রামের আছান আলীর ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ৩টি ধারালো চাপাতি জব্দ করেছে।
শুক্রবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার বোয়ালিয়া মাঠের মধ্যে তিন রাস্তার মোড়ে বটতলায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, একদল জঙ্গি সন্ত্রাসী নাশকতা সৃষ্টির জন্য বোয়ালিয়া মাঠের তিন রাস্তার মোড় বটতলায় গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদে ভিত্তিতে দৌলতপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের একপর্যায়ে এক জঙ্গি গুলিবিদ্ধ হলে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ জঙ্গিকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ নিহত জঙ্গিকে নব্য জেএমবি;র সদস্য আরমান বলে সনাক্ত করে। তার বিরুদ্ধে অস্ত্র ও বিষ্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। বন্দুকযুদ্ধে এসআই শরিফুল, এএসআই সুব্রত, কনস্টেবল সজিব ও নওশাদ আহত হলে তাদেরকে চিকিৎসা দেয়া হয়।
এএইচ





