কালিহাতী উপ-নির্বাচনে ১০ জনের মনোনয়নপত্র দাখিল
আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিতব্য কালিহাতী উপনির্বাচনে গতকাল রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন ।
কালিহাতী উপজেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে কালিহাতী উপ-নির্বাচনের সহকারী রিটার্নিং ও টাঙ্গাইল জেলা নির্বাচন অফিসার তাজুল ইসলামের নিকট ৮ জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসান ইমাম খান সোহেল হাজারী, কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, কালিহাতী উপজেলা শাখার সভাপতি হাসমত আলী, কাদের সিদ্দিকীর সহ-ধর্মিনী নাসরীন সিদ্দিকী, জাতীয় পার্টির (জাপা এরশাদ) সৈয়দ মুস্তাক হোসেন রতন, এনপিপির ইমরুল কায়েস ও সতন্ত্র প্রার্থী আব্দুল আলীম।
এছাড়া টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে কালিহাতী উপনির্বাচনের রিটার্নিং অফিসার আলিমুজ্জামানের নিকট জাতীয় পার্টির(জেপি)অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী এবং বিএনএফ এর আতাউর রহমান খান মনোনয়নপত্র দাখিল করেন।
আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই বাছাই এবং ২১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন।
উল্লেখ্য আওয়ামী লীগের সাবেক প্রভাবশালী নেতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল লতিফ সিদ্দিকী টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ফলে নির্বাচন কমিশন আসনটি শূণ্য বলে নির্বাচনের তফসিল ঘোষণা করে। ১৩ টি ইউনিয়ন ২ টি পৌরসভা নিয়ে গঠিত ১১৬.৩০ বর্গমাইল আয়তনের কালিহাতী উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৮৯৯৯২ জন ।
এমএ





