গুলশানের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনায় জিম্মি ২০ বিদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছয় হামলাকারীর মরদেহও।

নিখোঁজ নিহতদের বিষয়ে সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের (নম্বর-০১৭৬৯০১২৫২৪) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

শনিবার (০২ জুলাই) সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশন্স পরিদপ্তরের পরিচালক অভিযানের ব্রিগেডিয়ার জেনারেল মো. নাইম আশফাক চৌধুরী এসব কথা বলেন।

তিনি জানান, প্রচলিত নিয়ম অনুসারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে।

‘তাদের পরিচয় নিশ্চিতের বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রভোস্ট মার্শালের সঙ্গে যোগাযোগ করতে হবে। তার মোবাইল নম্বর ০১৭৬৯-০১২৫২৪।’

এর আগে শুক্রবার (০১ জুলাই) রাতে একদল অস্ত্রধারী রাজধানীর গুলশান-২ এ হলি আর্টিজেন বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রাখে।

এ সময় ওই রেস্তোরাঁ থেকে গুলি চালিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে তারা। পরে সকালে সেখানে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।  

ওএফ