ভারতের পশ্চিবঙ্গের কলকাতায় ‘গঙ্গা-পদ্মা ইলিশ উৎসবের’ জন্য উপহার হিসেবে দুশো ইলিশ মাছ পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আসলাম খান জানান, সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্টে ইলিশগুলো ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ওসি আসলাম বলেন, খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে চারটি প্যাকেটে ২শ পিস ইলিশ মাছ পাঠানো হয়েছে।
তিনি জানান, সরকারের পক্ষে ইলিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে তুলে দেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মাদ আবদুল ওয়াদুদ।
আর বেনাপোল চেকপোস্টে আনুষ্ঠানিকভাবে ইলিশ গ্রহণ করেন কলকাতা পৌরসভার মেয়র শোভন চ্যাটার্জি।
আবদুল ওয়াদুদ জানান, প্রতিবছর ২৩ অগাস্ট কলকাতার কাকড়গাছি সুভাস পার্কে ‘গঙ্গা-পদ্মা ইলিশ উৎসব’ হয়। এ বছর ওই উৎসবে যোগ দিতে খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল ভারত যাবেন।
“ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধুরাষ্ট্র। দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক আরও জোরদার করতে আমাদের পক্ষে সামান্য উপহার।”
এএইচ





