খাগড়াছড়ির মহালছড়ি ও রাঙ্গামাটির নানিয়ারচর সীমান্তবর্তী এলাকায় দুইটি মালবাহী গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে বেতছড়ি এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহালছড়ি বাজারের ব্যাবসায়ীদের দুইটি মালামালবাহী গাড়িতে অগ্নিসংযোগসহ লোকজনকে মারধর করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ সময় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের তাৎক্ষনিকভাবে মহালছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় মহালছড়ি বাজার ব্যবসায়ীরা পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করলেও কেন এবং কারা অগ্নিসংযোগ করেছে তা সঠিক এখনো জানা যায়নি।
এদিকে এ ঘটনার প্রতিবাদে মহালছড়ি বাজারের ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে সব দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। মহালছড়িতে জনমনে উত্তেজনা, ভয় ও আতংক বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশংকায় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী জানান, ঘটনাটি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা ও মহালছড়ি উপজেলা সীমান্তবর্তী এলাকায় হলেও নানিয়ারচর উপজেলার সীমানায় পড়েছে। এ ঘটনায় হালকা উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি শান্ত রয়েছে।
এমএনজে





