নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করে রেলপথকে জনবান্ধন করার কথা জানিয়েছেন নবনিযুক্ত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, রেলপথে যাত্রী সেবার মানোন্নয়নে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর পাশে নতুন একটি রেলসেতু করার পরিকল্পনা নিয়েছে সরকার।
নতুন রেলসেতুর কারণে বঙ্গবন্ধু সেতুর ঝুঁকি কমবে এবং উত্তরাঞ্চলের যাত্রীদের সেবার মান আরও বাড়বে।
অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেন, বঙ্গবন্ধু সেতুর কিনার দিয়ে রেললাইন স্থাপন করায় ওই পথে ঝুঁকির সম্ভাবনা তৈরি হয়েছে।
নতুন করে ট্রেনের সংখ্যা বাড়লে যাতায়াত অনিরাপদ হয়ে উঠবে। এজন্য বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা নদীর উজানে একটি রেলসেতু করার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
তিনি বলেন, বৃটিশ আমলে স্থাপিত নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানাকে সচল ও আধুনিকায়ন করতে মিনি ওয়াকর্শপ স্থাপন করা হচ্ছে এবং দ্রুত জনবল নিয়োগ করা হবে।
সারা দেশে রেলপথকে জেগে তুলতে জনবল সংকট নিরসন, নুতন বগি সংযোজন, ইঞ্জিন ক্রয়, রেললাইন সম্প্রসারণ, প্ল্যাটফর্ম সংস্কার ও সম্প্রসারণ এবং পয়ঃ নিষ্কাশন ও সুপেয় পানি সরবরাহের জন্য প্রকল্প হাতে নেয়া হবে বলেও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক কুদরত-ই-খুদা, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ উপস্থিত ছিলেন।
পরে রেলওয়ে কারখানার সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
এএস





