আমরা বার বার দাবি করছি বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোন বিকল্প নাই। আমাদের প্রাণ-প্রকৃতি-পরিবেশ রক্ষায় সুন্দরবনের ভূমিকা অপরিসীম।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সমন্বয়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন এ কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার সকল জনমত, বিশেষজ্ঞদের মতামত, পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে একরোখা নীতিতে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ চুক্তি করে। একদিকে পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক পুরষ্কার গ্রহণ অন্যদিকে পরিবেশ বিধ্বংসী রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দ্বি-চারিতা।

ভারতের সাথে যে নির্মাণ চুক্তি করছে তা অবিলম্বে বাতিল করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এই চুক্তি জনগণ কোনভাবেই মেনে নিবেনা।

সমাবেশে আরো বক্তব্য দেন, বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় সংগঠক নাসির উদ্দিন প্রিন্স, রাশিব রহমান, শ্যামল বর্মণ, সাদেক হোসেন, কৃষিবিদ হযরত আলী রাজীব, রুখসানা আফরোজ আশা, মুক্তা বাড়ৈ প্রমুখ।

ইআর