চুয়াডাঙ্গায় করোনাভাইরাস উপসর্গ নিয়ে এক বৃদ্ধার (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) রাতে জীবননগর উপজেলায় তিনি মারা গেছেন। এই ঘটনায় প্রতিবেশীদের ৮টি বাড়ি লকডাউন করা হয়েছে। এলাকায় বিরাজ করছে আতঙ্ক।

নিহতের পারিবারিক সূত্র জানায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামের ওই বৃদ্ধা কয়েক দিন আগে পার্শ্ববর্তী উপজেলা মহেশপুরের এক আত্মীয় বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পর জ্বর-সর্দি-কাশি ও পাতলা পায়খানা শুরু হয়। পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রেখে চিকিৎসা চালিয়ে যাওয়ার এক পর্যায়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহত ওই বৃদ্ধার দাফন রাতে বিশেষ ব্যবস্থায় সম্পন্ন করা হয়েছে।

কেডিকে ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু বলেন, বৃদ্ধা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ রাতেই তার নমুনা সংগ্রহ করে। এ ঘটনায় নিহতের বাড়িসহ প্রতিবেশীদের আটটি বাড়ি লকডাউন করা হয়েছে। অন্যদিকে এ ঘটনায় পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. জুলিয়েট পারউন বলেন, নিহত বৃদ্ধা সর্দি-কাশি-জ্বর ও পায়খানা নিয়ে মারা যাওয়ায় করোনা সন্দেহ হওয়ায় গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে তার নমুনা সংগ্রহ করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিক্ষার রিপোর্ট পাওয়ার পরই আসল রহস্য জানা যাবে।

এমবি