পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুস আলী (৪০) নামে একজন নিহত হয়েছেন। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতির একাধিক মামলা রয়েছে বলে জনিয়েছে পুলিশ।

যশোর সদরের পাঁচবাড়িয়া এলাকায় যশোর-মাগুরা সড়কে সোমবার রাত সোয়া ২টার দিকে ঘটনা ঘটে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ইউনুসকে অনেকদিন ধরেই পুলিশ খুঁজছিল।

জেলার সহকারী পুলিশ সুপার রেশমা শারমীন জানান, রাস্তায় গাছ ফেলে ডাকাতির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

আত্মরক্ষায় পুলিশ সদস্যরা পাল্টা গুলি চালালে এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ইউনুস আলীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থলে দুটি ধারালো অস্ত্র ও চারটি হাতবোমা পাওয়া গেছে বলে জানান তিনি।

নিহতের বিরুদ্ধে যশোরের বিভিন্ন থানায় ২০টি ডাকাতি, ১১টি হত্যা ও চাঁদাবাজির দুটিসহ মোট ৪১টি মামলা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এআর