বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, শিক্ষা নিয়ে ছাত্রসমাজের সাথে সরকারের একের পর এক প্রতারণায় লাখো ছাত্রের ভবিষ্যৎ আজ হুমকির সম্মুখ্যিন। তাই সরকারের প্রতারণা থেকে ছাত্রসমাজের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।   

তিনি আজ নোয়াখালীর এক মিলনায়তনে ছাত্রশিবির নোয়াখালী শহর ও জেলা উত্তর শাখার সদস্য শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শিক্ষাশিবিরে আরও উপস্থিত কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক মতিউর রহমান। 

জিপিএ ৫ প্রাপ্ত অসংখ্য মেধাবী তালিকায় স্থান পায়নি উল্লেখ করে সেক্রেটারী জেনারেল বলেন, ইচ্ছাকৃত ও সুপরিকল্পিত ভাবে ছাত্রদের ভবিষ্যৎকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে সরকার। শিক্ষা ব্যবস্থায় একের পর এক প্রতারণা করে লাখো ছাত্র-ছাত্রীর শিক্ষা জীবন অনিশ্চয়তায় ফেলে দিয়েছে।

ছেলেদের কলেজে মেয়েরা চান্স পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কথিত স্মার্ট সিষ্টেমে ফল প্রকাশ করতে গিয়ে বার বার বিলম্ব করেছে। এত দেরীর পরও ফল প্রকাশ হয়েছে হ-য-ব-র-ল অবস্থায়।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি সরকারের প্রত্যক্ষ মদদে বিভিন্ন পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সরকারের এই শিক্ষাবিনাশী প্রতারণা অব্যাহত থাকলে জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না।

শিবির সেক্রেটারি বলেন, তাই সরকারের প্রতারণা থেকে ছাত্রসমাজ, অভিভাবক ও দেশবাসীকে সচেতন করতে হবে। যে কোন প্রতারণা থেকে ছাত্রসমাজকে রক্ষায় ছাত্রশিবিরকে  অগ্রণী ভূমিকা পালন করতে হবে। 

ইআর