বকেয়া বেতন না দিয়ে হঠাৎ করে কারখানা বন্ধ করে দেয়ার প্রতিবাদে রাজধানীর তিব্বত মোড়ে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা। পরে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ।

আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা।

কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাঁদের সরে যেতে বলে। কিন্তু তাঁরা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাঁদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এএস