একাধিক হত্যা মামলার আসামি ডাকাত সর্দার আবু দাউদকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আবু দাউদ সাতক্ষীরা সদর উপজেলার পার মাছখোলা গ্রামের সোলায়মান গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, দাউদ পার মাছখোলা এলাকার একটি চিংড়ি ঘেরে রাতযাপন করতেন। নিজ বাড়ি থেকে সেখানে যাওয়ার পথে শুক্রবার রাত ১০টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার পরিমল কুমার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাকে কুপিয়ে হত্যা করেছে সে বিষয়টি পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান (ওসি)।

ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ