গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কুমিল্লায় আবু তাহের (২৭) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি- নিহত যুবক শীর্ষ সন্ত্রাসী ও তাহের বাহিনীর প্রধান।
শনিবার (০৬ জানুয়ারি) রাত ৩টার দিকে সদর উপজেলার আলেখারচর সাবুরিয়া সিএনজি পাম্পের পেছনে গোমতি নদীর প্রতিরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সন্ত্রাসী আবু তাহের নগরীর সংরাইশ এলাকার আবুল খায়েরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির উপ-পরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ। এসময় তাহের বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাহেরকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় ডিবির একজন এসআইসহ ৩ জন আহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে একটি পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র।





