ফরিদপুর শহরের দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুইটি হোটেল থেকে ৩১ তরুণ-তরুণীকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) পারভেজ মল্লিক।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে যে, ফরিদপুর শহরের বেশ কয়েকটি আবাসিক হোটেল প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে ফরিদপুর শহরের রংধনু আসাসিক হোটেল ও হোটেল গুলশান প্যালেসে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই হোটেল থেকে মোট ৩১ জনকে আটক করা হয়। এর মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীও রয়েছে বলে নিশ্চিত করেছে আদালত সূত্র।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম পারভেজ মল্লিক জানান, সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত শহর গড়তে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, আটক ৩১ জনের মধ্যে ২৯ জনের প্রত্যেককে দণ্ডবিধি’র ২৯৪ এর ক ধারা মোতাবেক ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও দুই জন স্কুল ছাত্রী যাদের বয়স ১৮ বছরের নিচে তাদের সেফহোমে পাঠানো হয়েছে।

জেড