নাটোর -২ ( সদর) আসনের ধানের শীষ প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির গাড়িবহরে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় তিনি হাতে আঘাত পান। তবে আঘাতটি গুরুতর নয় বলে জানিয়েছে বিএনপির নেতারা।
বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর ও নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ত্রিমোহনী এলাকায় এই ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক অভিযোগ করে বলেন, ‘বুধবার দুপুর বারোটার কিছু পরে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে নলডাঙ্গা উপজেলার উদ্দেশে প্রচারণায় বের হয় ধানের শীষ প্রতীক প্রার্থীর গাড়ি বহর। গাড়ি বহরটি ত্রিমোহনী এলাকায় পৌঁছালে পেছন থেকে ১০-১২ জন ছাত্রলীগ যুবলীগকর্মী লাঠিসোঁটা হাতে গাড়ি বহরে হামলা চালায়। এ সময় অন্য গাড়ি পার হয়ে গেলেও প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবির গাড়িতে লাঠি দিয়ে আঘাত করে আক্রমণকারীরা।
সাবিনা ইয়াসমিন গাড়ির ডানদিকে জানালা দিয়ে হাত বের করে বসেছিলেন। হামলাকারীরা ছবির হাতে লাঠি দিয়ে আঘাত করে। কিছুক্ষণ পর স্থানীয় ডাক্তারের মাধ্যমে ছবির হাতে ব্যান্ডেজ করা হয়।
তবে আঘাত গুরুতর না হওয়ায় বিকাল পর্যন্ত হাতে ব্যান্ডেজ নিয়ে বিভিন্ন পথসভায় বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন। এসময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।’ হামলার এই ঘটনা ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা করেছে দাবি করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মালেক সেখ দাবি করেন, ‘হামলার ঘটনার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের কেউ জড়িত নয়।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাংলা ট্রিবিউন
জেড





