প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল করতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তাদের নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া সিস্টেমসহ তথ্য-প্রযুক্তির সমস্ত উপকরণ উপহার দিতে হবে।

রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রাথমিক শিক্ষা কনটেন্ট ডিজিটাল ভার্সনে রূপান্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে মাল্টিমিডিয়া সিস্টেম দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়। বিত্তবানদের প্রতি আহ্বান প্রত্যেকে নিজ নিজ এলাকার বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া সিস্টেমসহ তথ্য-প্রযুক্তি উপকরণ উপহার দেবেন।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক মেধাবী ও মননশীল। তাই তাদের মেধাকে বিকশিত করার সুযোগ দিতে তথ্য-প্রযুক্তি বিষয়ক উপকরণগুলো সহজলভ্য করা হচ্ছে।

তিনি বলেন, একটি শক্তিশালী জাতি গড়ে তুলতে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তুলতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিক্ষা। তাই শিক্ষার মূল ভিত হিসেবে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষাকে ডিজিটাল করার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। এ ক্ষেত্রে সব ধরনের পদক্ষেপে নেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা বিদেশে যায় তারা অনেক ভালো ফলাফল করে। এ থেকে বোঝা যায় বাংলাদেশি শিক্ষার্থীরা অনেক বেশি মেধাবী ও মননশীল। ডিজিটাল বাংলাদেশে এসব শিক্ষার্থীদের মেধাকে বিকশিত করতেই তথ্য-প্রযুক্তি বিষয়ক উপকরণগুলো সহজলভ্য করা হচ্ছে।

পার্বত্য চট্ট্রগামের দুর্গম এলাকায় প্রাথমিক শিক্ষার বিস্তার ঘটাতে সেখানকার বিদ্যালয়গুলোকে আবাসিক করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়গুলোতে হোস্টেল নির্মাণ করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি আন্তরিক। বাংলাদেশে বর্তমানে ১৩ কোটি মোবাইল ফোনের সিম ব্যবহার হচ্ছে। এক সময় মোবাইল ফোন, কমপিউটারের দাম অনেক বেশি থাকলেও এখন তা সহজলভ্য হয়েছে।

এছাড়া পরীক্ষায় ভালো ফল করার বিষয়ে বাবা-মায়েদের মধ্যে যে প্রতিযোগিতা তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, এটা শিশুদের মনের ওপর চাপ তৈরি করে। এটা বন্ধ করতে হবে। এমনভাবে পড়ার পরিবেশ তৈরি করতে হবে যেনো শিশুরা পড়তে আগ্রহী হয়। তাদের ওপর কোনোভাবেই চাপ প্রয়োগ করা যাবে না।

ওএফ