গাইবান্ধা সদরে রেললাইনের পাশ থেকে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরনিবাড়ি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় জানিয়েছেন সদর থানার ওসি মাসুদুর রহমান।

নিহত ২১ বছরের রাজু মিয়া জেলার সাদুল্লাপুর উপজেলার চান্দের বাজার গ্রামের শফিউল ইসলামের ছেলে।

নিহতের পরিবারের বরাতে ওসি জানান, শুক্রবার সকালে রাজু তার অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে সে আর বাড়ি না ফেরেনি। পরে তার মোবাইল ফোনে কল দেওয়া হলে তাও বন্ধ পাওয়া যায়।

এর মধ্যে শনিবার উজির ধরনিবাড়ি গ্রামের রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ওসি আরও জানান, এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এইচএম