সিলেট সিটি নির্বাচনকে নির্বিঘ্নে করতে সিলেট নগরের বাসিন্দা নয়, এমন লোকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন, সিলেট আঞ্চলিক কার্যালয়। শুক্রবার (২৭ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শুক্রবার (২৭ জুলাই) বিকেল থেকে সিলেট ছাড়তে শুরু করেছেন বহিরাগতরা। আবাসিক হোটেলগুলোতে বুকিং বন্ধ রয়েছে। সেই সঙ্গে পর্যটকসহ অন্যান্য বহিরাগতদের হোটেল ত্যাগ করার নোটিশ প্রদান করা হয়েছে। তবে, আঞ্চলিক নির্বাচন অফিস থেকে জানানো হয়েছে, যারা কর্মজীবী তাদের এলাকায় অবস্থান করতে কোনো অসুবিধা হবে না। এর বাইরে চলাফেরার জন্য প্রয়োজন হলে তাদের কাজের প্রমাণপত্র দেখাতে হবে। একই সঙ্গে জরুরি প্রয়োজনের ক্ষেত্রেও এ নির্দেশনা শিথিলযোগ্য হবে।

ইসির নির্দেশনা নির্বাচনের পরদিন ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। সেই সঙ্গে ২৮ জুলাই মধ্যরাত থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া সব প্রকার মোটর যান ২৯ জুলাই মধ্যরাত থেকে ৩০ জুলাই মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। এছাড়া ২৮ জুলাই মধ্যরাত খেকে সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণাও বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশনের এসব নির্দেশনা বাস্তবায়নে মাঠে থাকবেন জেলা প্রশাসনের ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এসএম