পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৪ মে) বিকাল সাড়ে ৪টায় ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
নিহতরা হলেন, সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার আব্বাস আলীর ছেলে আবুবক্কর সিদ্দীক (১৬), তারেক বিল্লালের ছেলে শিশির (১৮) ও পয়কাম ইসলামের ছেলে নতুন ইসলাম (১৮)।
জানা গেছে, আজ বুধবার বিকেলে সিদ্দীক, নতুন ও শিশির মোটরসাইকেলে মডেলহাট বাজার থেকে মজারাজা দিঘিতে বেড়াতে যাওয়ার সময় অন্যদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. রুকসানা তাদের মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ মিয়া জানান, ঘটনাস্থলে দুজন ও অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
এমআর





