লক্ষীপুর জেলার কমলনগরে জব্দ করা প্রায় ১৫ মণ জাটকা এতিমখানায় বিতরণ করেছে পুলিশ।

স্থানীয় ১০টি এতিমখানা এবং গরীব ও দুস্থদের মাঝে শনিবার দুপুরে এগুলো বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিন ভোলা থেকে ট্রলারযোগে বিপুল পরিমাণ জাটকা কমলনগরের হাজীগঞ্জ মাছঘাট দিয়ে দেশের বিভিন্নস্থানে ট্রাকযোগে পাচার হয়। শুক্রবার রাত ১২টার দিকে স্থানীয়রা জাটকাবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩৬৩) জব্দ করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকসহ মাছগুলো হাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।

স্থানীয়দের অভিযোগ, মাছের মালিক জাকির হোসেন বাচ্চুকে এলাকাবাসী আটক করলেও পুলিশ তাকে গ্রেফতার করেনি।

হাজীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে জব্দ করা প্রায় ১৫ মণ জাটকা ১০টি এতিমখানা এবং স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

মাছ ব্যবসায়ী বাচ্চুকে গ্রেফতার না করার বিষয়ে তিনি জানান, তাকে চিনতে না পারায় গ্রেফতার করা সম্ভব হয়নি।

জেআই