ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত আর ঈদ আনন্দ নিশ্চিত করতে ঘরে ফেরা হলো না সোয়া লাখ পুলিশের। রাস্তাঘাটে, ঈদগাহে, ঘরবাড়ি, ব্যাংক-বীমা আর বিনোদন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠেই থেকেছেন তারা।
পুলিশের তথ্যমতে, সারা দেশে তাদের মোট সদস্য রয়েছে এক লাখ ছাপান্ন হাজার।
দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জননিরাপত্তা ও জনগণের ঈদ আনন্দ নিশ্চিত করতে ভূমিকা রাখায় পুলিশের সব সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
দিনরাত রাস্তায়, রেল, নৌপথে, বিমানবন্দরে দাঁড়িয়ে মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করেছে তারা। ঈদুল ফিতরের সরকারি ছুটিতে অফিস আদালত যখন বন্ধ, তখন পুরোপুরিই খোলা থেকেছে থানা-ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, সচল থেকেছে পুলিশের সব অফিস।
পুলিশের উচ্চ পর্যায়ের সূত্রগুলোর তথ্যমতে, নিরাপত্তা ঝুঁকি এড়াতে আগেই গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে পুলিশ। যেমন—কোনো ঈদগাহ বা মসজিদে নামাজ বা অন্য কোনো ইস্যু নিয়ে কারও মধ্যে কোনো সমস্যা রয়েছে কি না? আগের বছরগুলোতে কোনো গ্রাম বা মহল্লায় কোনো সমস্যা হয়েছিল ছিল কি না?
সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে পুলিশ। ঈদগাহ, রাস্তাঘাটে থেকেছে পুলিশ। আবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনার মতো বড় শহরগুলোতে মানুষের ফাঁকা ঘরবাড়ির নিরাপত্তার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে তাদের।
এআই/





