রংপুরে চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় ১জনকে গুরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (সোমবার) ভোরে পীরগঞ্জ উপজেলার মাদারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার হেলাল উদ্দিনের বাড়িতে গরু চুরি করতে যায় একদল চোর। এ সময় বাড়ির লোকেরা টের পেয়ে চিৎকার করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে। পরে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়।
পুলিশ গুরতর আহত অপর ২ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সকালে আরও ১ জনের মৃত্যু হয়। অপর একজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, গ্রামটি ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন হওয়ায় বাকি সদস্যরা সঙ্গে থাকা পিকআপযোগে পালিয়ে যায়। নিহতদের পরিচয় জানা যায়নি। চোরের দল পার্শ্ববর্তী জেলার হতে পারে বলে ধারণা করছে পুলিশ ।
মরদেহ ২ টির ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।
এমবি





