কর্মকর্তাদের ভুলে একজন অফিস সহায়ককে যুগ্ম-সচিব করে দেওয়া হয়েছে। তবে, পরে সেই আদেশ সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক মো. আল-আমিন শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।
গত ২৭ অক্টোবর মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়, “শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক শাখা- ২৩ (প্রশিক্ষণ) এ কর্মরত জনাব মো. আল-আমিনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে যুগ্ম-সচিব (উন্নয়ন-২) এর দায়িত্ব প্রদান করা হল।”
ওই আদেশের নিচে সই রয়েছে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সাজিয়া আফরীনের। আদেশে বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ও নির্দেশক্রমে’ জারি করা হয়েছে এই আদেশ।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, একজন অফিস সহায়ককে যুগ্ম-সচিবের দায়িত্ব দিয়ে আদেশ জারি হওয়ায় মন্ত্রণালয়ে হৈ চৈ পড়ে যায়।
বিষয়টি উন্নয়ন-২ শাখার যুগ্ম-সচিব সফিউদ্দিন এবং অন্যদের নজরে এলে ভুল সংশোধন করা হয়।
ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “মূলত উন্নয়ন-২ শাখায় যুগ্ম-সচিবের দপ্তরের অফিস সহায়ক হিসেবে পদায়নের কথা ছিল আলা-আমিনের। কিন্তু ভুল করে আদেশে তাকে ওই দপ্তরের ‘যুগ্ম-সচিবের’ দায়িত্ব দেওয়ার কথা লেখা হয়। পরে ভুল সংশোধন করা হয়েছে।”
এ বিষয়ে কথা বলতে প্রশাসন শাখার অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে জানা যায়, তিনি দেশের বাইরে আছেন।
আর যুগ্ম সচিব (প্রশাসন) আমিনুল ইসলাম খান এ বিষয়ে কথা বলতে রাজি হননি।
আল-আমিন বলেন, “ভুল করে ওই আদেশ জারি হয়েছিল। বিষয়টি নজরে আসার পর আদেশ সংশোধন করা হয়েছে বলে শুনেছি।”
ইআর





