নোয়াখালী পৌর বাজারের কসাইখানার বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী জিলা স্কুলের শিক্ষার্থীরা।
সোমবার দুপুরের দিকে শহরের জিলা স্কুল সম্মুখের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, নোয়াখালী পৌর বাজারের পশু জবাইখানার জায়গা দখল করে পৌর মেয়রের নির্দেশে ঘর নির্মাণের কারণে কসাইখানার বর্জ্য যত্রতত্র নিক্ষেপ করায় আমাদের স্কুল আঙ্গিনার পরিবেশ বিপর্যয় ঘটছে।
তারা আরো জানায়, বর্জ্য'র দুর্গন্ধে শ্রেণিকক্ষে এবং স্কুলের হোস্টেলে অবস্থান করা আমাদের কষ্টসাধ্য হয়ে পড়েছে।
অবিলম্বে পৌর বাজারের বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ রক্ষার দাবি জানায় শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একই দাবিতে প্রধান সড়কে শ্লোগান দিয়ে বিক্ষোভ করে কর্মসূচি সমাপ্ত করে।
এমআইএস





