চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি জামাল উদ্দিন (৩৫)’কে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ।

গতকাল (০৩ ডিসেম্বর) সোমবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদারের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন ওই এলাকার মো. ইয়াছিনের ছেলে। তিনি কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নেতাকর্মীদের নিয়ে বাড়ি ফিরছিলেন কোলগাত্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দীন আকবর। এই সময় তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।  তিনি পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে তারা।  গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরে এই হামলা চালানো হয় বলে ধারণা করছেন দলের নেতাকর্মীরা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লিশ ফাঁড়ির নায়েক মো. আমির বলেন, “দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, “কোলাগাঁও এলাকায় জামাল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ। এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”

এই ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের এবং সাধারণ সম্পাদক চৌধুরী মো. গালিব।

এমবি