কিশোরগঞ্জ সদরে মাদকসেবনে বাধা দেয়ায় শামীম (২২) নামে এক অটোরিকশাচালককে পেট্রোল দিয়ে পুড়িয়ে দিয়েছে মাদকসেবীরা।
বৃহস্পতিবার রাতে যশোদল ইউনিয়নের আমারিশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। শামীম আমারিশিপুর গ্রামের মানসিক ভারসাম্যহীন জাহাঙ্গীর মিয়ার একমাত্র ছেলে।
সদর হাসপাতালে ভর্তি অবস্থায় শামীম জানায়, সারাদিন অটোরিকশা চালিয়ে রাতে বাড়ির সামনের গ্যারেজে অটোরিকশা চার্জে রেখে ঘরে যাওয়ার সময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী আলামীন, রানা, তৌফিক, শফিক, জনিসহ অজ্ঞাত আরো কয়েকজনকে তার ঘরের বারান্দায় গাঁজা সেবন করতে দেখে। এ সময় তাদেরকে শামীম তার ঘরের বারান্দায় গাঁজা খেতে নিষেধ করে।
তখন তারা চড়াও হয়ে তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে হাত ও চোখ বেঁধে বাড়ির পাশে ফিসারীর পাড়ে নিয়ে যায়। ওখানে তাকে শারীরিক নির্যাতনের পর তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
শামীম বাঁচতে গিয়ে ফিসারীর পানিতে ঝাঁপ দেয়। তার ডাক শুনে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মনোজ কুমার রায় জানান, শামীমের চোখ-মুখসহ সারা শরীরের ৮০ ভাগ পুড়ে গেছে।
তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে রেফার্ড করা হয়েছে। কিন্তু তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় মুমূর্ষু অবস্থায় এ হাসপাতালেই বর্তমানে ভর্তি রয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ঘটনা শুনে হাসপাতালে তাকে দেখতে এসেছি। তবে অপরাধীদের ধরতে এলাকায় পুলিশি অভিযান চলছে।
এসএইচ





